কীভাবে চিনবেন সুস্থ গরু, জেনে নিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে গরুকে দ্রুত মোটাতাজা করে থাকে। বাইরে থেকে দেখতে এসব গরুকে আকর্ষণীয় ও স্বাভাবিক মনে হলেও এমন পশু কেনা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব গরুর মাংস খেলে মানুষের লিভার ও কিডনিতে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

কোরবানির গরু কিনতে হাটে গিয়ে যেন প্রতারণার শিকার না হতে হয় এবং সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা পশু সহজে শনাক্ত করা যায়, সে জন্য চিকিৎসকরা কয়েকটি পরামর্শ দিয়েছেন। 

পরামর্শগুলোর মধ্যে হলো:
আঙুল দিয়ে চাপ দিয়ে পরীক্ষা: হরমোন বা স্টেরয়েড প্রয়োগ করা গরুর শরীরে সাধারণত অতিরিক্ত তরল জমে যায়। এটি বোঝার সহজ উপায় হলো গরুর শরীরের মাংসল স্থানে চাপ দেওয়া। বিশেষ করে পিঠ বা রান এলাকায় আঙুল দিয়ে কিছুক্ষণ চাপ দিন। যদি চাপের জায়গা বসে গিয়ে কিছু সময় দাগের মতো থেকে যায়, তাহলে ধরে নেওয়া যায় গরুটিকে কৃত্রিমভাবে মোটাতাজা করা হয়েছে। 

গরুর স্বাভাবিক আচরণ লক্ষ্য করুন: অস্বাভাবিকভাবে মোটা করা গরুগুলো বেশিরভাগ সময় শারীরিকভাবে দুর্বল থাকে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পশুর লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ফলে তাদের চলাফেরা ও আচরণেও পরিবর্তন দেখা যায়।

এ ধরনের গরু সাধারণত নিস্তেজ থাকে, হাঁটাচলায় অনীহা দেখায় এবং সামান্য নড়াচড়াতেই হাঁপিয়ে পড়ে। অনেক সময় মাথা নিচু করে ঝিম মেরে দাঁড়িয়ে থাকে। চোখও স্বাভাবিকের তুলনায় ঘোলা বা ক্লান্ত দেখায়। 

অস্বাভাবিক ফোলা ভাব ও অতিরিক্ত লালা: ক্ষতিকর ওষুধ বা ইনজেকশনের প্রভাবে অনেক গরুর শরীর অস্বাভাবিকভাবে ফুলে যায়। ভালোভাবে খেয়াল করলে এ পরিবর্তন সহজেই বোঝা সম্ভব। অনেক ক্ষেত্রে এসব গরুর মুখ দিয়ে অতিরিক্ত লালা বা ফেনা বের হতে দেখা যায়। বিশেষ করে উরু, রান, থুতনি কিংবা প্রস্রাবের পথের আশপাশের অংশ স্বাভাবিকের চেয়ে বেশি ফোলা মনে হয়।

কেন ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত স্টেরয়েড বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া এমন গরু দ্রুত অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও থাকে।

গরু ক্রেতাদের জন্য বিশেষ পরামর্শ: প্রথমবার গরু কিনতে গেলে অভিজ্ঞ ব্যক্তি বা পরিচিত খামারিকে সঙ্গে নেওয়া ভালো। হুট করে সিদ্ধান্ত নেবেন না। গরুর দাঁত, চোখ ও হাঁটা ভালোভাবে দেখুন। খুব বেশি চকচকে বা অস্বাভাবিক মোটা গরু হলে সতর্ক থাকুন।

পিএস