দোকানপাট ও শপিংমল খোলা রাখার নতুন নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: দোকানপাট ও শপিংমল খোলা রাখার নতুন নির্দেশনা এসেছে। নতুন নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পিআরও (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে নির্দেশনা মোতাবেক দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।
 
ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দফতার বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
 
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালীন যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একইসঙ্গে তারা পরিদর্শন সংক্রান্ত একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করতে হবে।
 
এ ছাড়া, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালীন গ্রাহক অসন্তোষ কমানোর লক্ষ্যে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে গ্রাহকদের অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।
 
এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম বা মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে প্রেরণের পাশাপাশি বিতরণকারী সংস্থা বা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে।

পিএস