পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা, বড় হচ্ছে বাজেট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০২:৪৯ পিএম
ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন (৯ম) পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের একটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর হতে যাচ্ছে, যার জন্য বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় বাজেটে। এর বাইরে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি এবং সুদ পরিশোধের চাপ তো আছেই। এর মধ্যেই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের পরিকল্পনা করায় স্বভাবতই বাজেটের আকার বেশ বড় হচ্ছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মোট তিনটি ধাপে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গ রূপ পাবে। প্রথম ধাপে অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীদের মূল বেতনের একটি বড় অংশ, যা সম্ভাব্য ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে, বৃদ্ধি করা হবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্য সব ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

নতুন পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখেই দীর্ঘদিনের বেতনবৈষম্য কমানোর উদ্যোগ। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান বর্তমানের ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

এই পরিকল্পনা পাস হলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে একলাফে বেড়ে ২০ হাজার টাকা হতে পারে। অন্যদিকে ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেডভেদে কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াতভাতা চালুর বিষয়টিও এখন আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

নতুন পে স্কেলের সুবিধা শুধু কর্মরত চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীও এর আওতায় আসতে পারেন। এর ফলে বিশেষ করে স্বল্প পেনশনপ্রাপ্ত প্রবীণদের আর্থিক নিরাপত্তা আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কিভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি বিশেষ উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। সব মিলিয়ে আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের পাশাপাশি সরকারের ব্যয় ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ যুক্ত হতে যাচ্ছে।

এসএইচ