যেসব কারণে চাকরি হারালেন পুলিশের ৮ কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:৪৩ পিএম
ফাইল ছবি

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি নির্দেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশের আট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। তাঁদের মধ্যে সাতজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া, সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে বিভাগীয় তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান নৌ পুলিশে সংযুক্ত থাকার সময় ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি অসুস্থতার কথা বলে একটি অসম্পূর্ণ আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি না ফেরায় অসদাচরণ ও পলায়নের দায়ে তাঁকে বরখাস্ত করা হয়। অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্রামের কথা বলে কর্মস্থল ছাড়ার পর আর ফেরেননি।

বিদেশে অবস্থান করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই সহকারী পুলিশ কমিশনার চাকরি হারিয়েছেন। ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ২০১৮ সালে কানাডায় গিয়ে ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি। একইভাবে যুক্তরাজ্যের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়া সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সরকার ছুটি না বাড়ানো সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে দেশে ফেরেননি।

এ ছাড়া ১৫ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করার পর অতিরিক্ত ছুটি না পেয়েও অনুপস্থিত থাকায় নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছানকে বরখাস্ত করা হয়েছে। ছুটির পর অসুস্থতার অজুহাত দেখিয়ে আর কর্মস্থলে না ফেরা এবং পদত্যাগপত্র নামঞ্জুর হওয়ার পরও অনুপস্থিত থাকায় লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদের বিরুদ্ধেও পলায়ন ও অসদাচরণের দায়ে একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, বরখাস্ত না করে সিআইডির দিনাজপুর জেলায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ডিএমপিতে কর্মরত থাকা অবস্থায় এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর দায়ে তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে বিভাগীয় তদন্ত শেষে রাষ্ট্রপতির অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএইচ