রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে ডিমের বাজার দর নিম্নমুখী। গত সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও সপ্তাহের শেষ দিকে দাম কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে আকারভেদে ডিমের দাম ডজনে ২৪ টাকা পর্যন্ত কমেছে।
খুচরা বাজারে ডিমের দাম ডজনে কমলেও পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। বাজারে বর্তমানে ৩০টির এক ট্রে ডিম বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়, যা গত সপ্তাহেও বিক্রি হচ্ছিল ৩৫০ টাকায়। খুচরা বাজারে প্রতি পিস ডিমে প্রায় ২ টাকা পর্যন্ত কমেছে। সেই হিসাবে প্রতি ১০০ পিস ডিমে ২০০ টাকা এবং এক হাজার ডিমে ২ হাজার টাকা পর্যন্ত কমেছে বলে জানান ব্যবসায়ীরা।
বাজারের এই দরপতনের বিষয়ে ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই বাজারে ডিমের সরবরাহ অনেক বেড়েছে। তার ওপর তীব্র গরমের কারণে সাধারণ মানুষের মাঝে ডিম কেনার ও খাওয়ার আগ্রহ কিছুটা কমে গেছে। সরবরাহ বেশি কিন্তু বিক্রি কম হওয়ায় ডিমের বাজার দর কমেছে। তবে সরবরাহ এমন থাকলে দাম আরও কমতে পারে।
ডিমের দাম কমায় সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি সন্তুষ্ট নন তারা। বাজারে আসা ক্রেতারা জানান, ডিমের দাম কমলেও তা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। দাম আরও কমা দরকার। নিম্নআয়ের মানুষের কষ্টের কথা উল্লেখ করে তারা বলেন, প্রতি ডজন ডিমের দাম ১০০ টাকার বেশি হলে তা গরিব মানুষের পক্ষে কিনে খাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি জানান সাধারণ ক্রেতারা।
এসএইচ