দেশজুড়ে বহুল আলোচিত ও জনপ্রিয় স্লোগান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’-এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি এই পরিকল্পনার আদ্যোপান্ত তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর ও কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রান্তিক কৃষকেরা ক্ষমতাপ্রাপ্ত উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখবেন।
অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই রূপরেখা দেন। তিনি জানান, কৃষির সামগ্রিক উন্নয়ন ও কৃষকদের অধিকার নিশ্চিত করতে ইতিমধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রি-পাইলটিং পর্যায়ে এই কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ২০ হাজার ৮৩২টি কার্ড বিতরণ করা হয়েছে।
কৃষকদের বড় ধরনের স্বস্তি দিয়ে প্রধানমন্ত্রী জানান, শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এই লক্ষ্যে চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলে দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া সার ও উচ্চফলনশীল বীজ সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
লিখিত জবাবে তারেক রহমান আরও জানান, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো আধুনিক স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এদিকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় পানিসম্পদ খাতে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, নদীভাঙন রোধ এবং কৃষিজমিতে লবণাক্ততা হ্রাসকরণ অন্যতম। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রাকৃতিক জলাধার গড়ে তোলার পরিকল্পনাও এই ‘প্ল্যান’-এর অংশ বলে জানান প্রধানমন্ত্রী।
এসএইচ