প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:৫৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার মোকামতলায় নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় ইউনিয়ন দুটির নামকরণ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। পরে চূড়ান্ত নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ করা হয়। তবে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি প্রতিমন্ত্রীর দুই সন্তানের নামের সঙ্গে মিলে যাওয়ায় শুরু হয় ব্যাপক বিতর্ক। বিষয়টি সংসদ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এবং গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, ইউনিয়নের নামকরণে যথাযথ গণশুনানি হয়নি। তাদের দাবি, প্রতিমন্ত্রীকে সন্তুষ্ট করতেই দলীয় নেতাকর্মীদের একটি অংশ এসব নাম প্রস্তাব করেছিলেন। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গণশুনানিতে পাওয়া প্রস্তাবের ভিত্তিতেই নামগুলো সুপারিশ করা হয়েছিল।

এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুরু থেকেই দাবি করে আসছেন, ইউনিয়নের নামকরণের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিষয়টিকে ‘কাকতালীয়’ বলে উল্লেখ করেছেন। সংসদেও তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নির্বাচন করা হয়েছিল।

তবে বিতর্ক থামেনি। বিরোধী রাজনৈতিক দল ও স্থানীয় বিভিন্ন মহল নামকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসায় বিষয়টির নতুন মোড় তৈরি হয়েছে।

এম