ঢাকা: বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সোমবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৭টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৫৬, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
[272217]
তালিকায় ২২৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ১৬৩। ঢাকার ঠিক পরেই ১৩৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আর ১০৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব-ইয়াফো।
এছাড়া শীর্ষ ১০টি দূষিত শহরের তালিকায় পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা এবং ভারতের কলকাতা; এই তিনটি শহরেরই বায়ুমান সূচক ১০৭ রেকর্ড করা হয়েছে। তালিকার নবম স্থানে ১০৫ স্কোর নিয়ে রয়েছে জেরুজালেম এবং ১০২ স্কোর নিয়ে ১০ম স্থানে অবস্থান করছে সৌদি আরবের রিয়াদ।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর। এমন পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এসআই