নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১০:০৫ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সকালে আমরা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি।

এর আগে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
 
পুলিশের অভিযোগ, ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেননি এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন।

পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।

এসআই