২৮ জুন ক্যাম্পেইন

২ কোটি ৪০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশব্যাপী আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হবে। একদিনের এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন)  সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে দেশে ১৯৭৩ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে এটি বর্তমানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হিসেবে পরিচালিত হচ্ছে।’

ড. মুহিত বলেন, “ভিটামিন ‘এ’ শুধু রাতকানা রোগ প্রতিরোধই করে না, বরং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জেরোফথ্যালমিয়া, দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এ কারণে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়।”

তিনি জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২২৮ জন শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

পিএস