ঢাকা: ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে থাকা পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা সাড়া দেননি। পরে বিভাগীয় তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মবহির্ভূত অনুপস্থিতি বা দায়িত্বে অবহেলার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পিএস