প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের দিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে সম্প্রতি বিদেশ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো তথ্য নেই।

তিনি বলেন, ‘যদি বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো দূতাবাসের কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ভারতে চলমান ‘ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে। তিনি বলেন, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করি।

পিএস