ঢাকা: বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য আগ্রহী। এজন্য মার্কিন ব্যবসায়ীরা শিগগিরই বাংলাদেশ সফর করে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবেন বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। আমরা যেমনটি আলোচনা করেছি, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশের জন্য আমাদের ট্রাভেল অ্যাডভাইজরি কমিয়ে দিয়েছি, যাতে মানুষকে পর্যটক হিসেবে এবং বিনিয়োগে আগ্রহী হিসেবে এখানে আসতে উৎসাহিত করা যায়।
তিনি বলেন, আগামী সপ্তাহে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল সফর করতে যাচ্ছে। আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এই সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি।
পিএস