ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর লাগামহীন জীবনযাত্রার ব্যয়ে পিঠ ঠেকে গেছে সরকারি চাকরিজীবীদের। এ অবস্থায় ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ ও তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জরুরি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির সভাপতি আব্দুল মালেক ও মহাসচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এই স্মারকলিপিতে মাঠপর্যায়ের কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, বাজারদরের সঙ্গে সংগতি রেখে আয় না বাড়ায় বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা কঠিন আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এতে করে দিনদিন তাদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা দানা বাঁধছে।
নেতৃবৃন্দের মতে, বাজারে চাল, ডাল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতে ২২ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারের সংসার চালানো দায় হয়ে পড়েছে। কেবল একটি গেজেট বা প্রজ্ঞাপনই পারে এই দীর্ঘদিনের জট কাটিয়ে লাখ লাখ কর্মচারীর মুখে হাসি ফোটাতে।
প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে এই বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন হলে নিম্নবেতনভুক্ত পরিবারগুলোতে স্বস্তি ও আশার আলো ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন কল্যাণ সমিতির নেতারা।
এসএইচ