আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এনডিটিভি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফরে যেতে পারেন। সম্ভাব্য এই সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সফরের চূড়ান্ত তারিখ ও আনুষ্ঠানিক কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।

পরিকল্পনা অনুযায়ী সফরটি অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। দুই দিনের এই সফরটি মূলত দ্বিপক্ষীয় সফর হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, যোগাযোগব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত ১০ আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্কের পরিবেশ উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানও এপ্রিলে নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে এবং ভারত জানিয়েছে, বিষয়টি যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, বাণিজ্য ও ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ও আলোচনায় আসতে পারে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়লেও সফরের সময় নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

পিএস