জ্বালানি সমস্যার সমাধান রাতারাতি করা যায় না: নজরুল ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের জ্বালানি খাত মূলত আমদানিনির্ভর। জ্বালানি সমস্যার সমাধান রাতারাতি করা যায় না। তারপরও সরকার পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আনার চেষ্টা করছে। এমনকি মিয়ানমারের সঙ্গেও আলোচনা চলছে।

এ খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য অনেক বড় একটি ব্যাপার।

তিনি বলেন, জুলাই সনদে বলা আছে-যারাই ক্ষমতায় যাবে, তারা নির্বাচনের আগে নিজেদের ‘নোট অব ডিসেন্ট’ জনগণের সামনে তুলে ধরবেন। সে অনুযায়ী জনগণ যাদের রায় দেবে, তারা নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এরপরও প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন, বড় ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা নিয়ে আলোচনা করা হবে। আমরা মনে করি, গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নেই।

পিএস