মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির বলেছেন, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হতে বাংলা‌দেশ আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, আমা‌দের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্বনেতা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহ‌ণের জন‌্য। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলা‌দেশ এটা‌কে স্বীকৃ‌তি দেয় এবং একটা আগ্রহ আছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। 

তিনি বলেন, মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।

প্রতিমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বহুমাত্রিক করতে কাজ করে যাবে বর্তমান সরকার।

পিএস