পে স্কেলের গেজেট জারি কবে, জানা গেলো সময়

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৮:০৯ পিএম
ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর আসছে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া। সব আইনি ও আর্থিক জটিলতা দ্রুত শেষ করতে চায় সরকার। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে গেজেট জারির প্রস্তুতি চলছে।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতেই প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেছেন, চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সরকারি কর্মচারীরা আগামী অক্টোবর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন। তবে এটি কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া টাকা পরবর্তী সময়ে সমন্বয় করে দেওয়া হবে।

প্রস্তাবিত কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সচিব কমিটি তাদের পর্যালোচনা প্রায় শেষ এনেছে। জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সঙ্গে বেতন কাঠামোর সামঞ্জস্য রাখার কাজ চলছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পে কমিশনের প্রাথমিক সুপারিশের চেয়ে বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর প্রস্তাব দিয়েছে সচিব কমিটি।

বিদ্যমান অর্থনৈতিক চাপের কথা ভেবে সরকার পে স্কেলটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রথম ধাপে কেবল বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ করা হবে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর ফাইলটি যাবে আইন মন্ত্রণালয়ে। ভেটিং প্রক্রিয়া শেষ হতেই প্রকাশিত হবে চূড়ান্ত গেজেট। দীর্ঘ অপেক্ষার পর এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মাঝে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

এসএইচ