‘মক্কা প্যাক্ট’ নিয়ে অন্যদের উদ্বেগের প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘মক্কা প্যাক্ট মুসলিমদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তাই মক্কা প্যাক্ট নিয়ে অন্যদের উদ্বেগের প্রয়োজন নেই।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। এই প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি বর্তমানে আলোচনায় নেই। এটি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ এতে যুক্ত হলে কী সুবিধা পাবে এবং বাংলাদেশ এতে যুক্ত হবে কি না—তা জানতে চান। 

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। এ প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আসার আগে প্যাক্টটির ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। তবে সরকার এ বিষয়ে সব দিক বিবেচনায় রাখবে।’

পিএস