ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওই আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করে ভোটগ্রহণের এই তারিখ জানিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।
প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
গত ২০ অগাস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, “রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।”
আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপ নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।
পিএস