২৪ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে হজ নিবন্ধন নিশ্চিতের নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:২৯ পিএম

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধন নিশ্চিতের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১, চলতি দায়িত্বে) ড. মো. আবু বক্কর সিদ্দিকের সই করা এ সংক্রান্ত সার্কুলারটি ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রিন্সিপাল শাখা বরাবর পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওই সার্কুলারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার গত ৯ সেপ্টেম্বরের স্মারকে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের ২০২৭ সালের হজ নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২৪ সেপ্টেম্বর তারিখে তা শেষ হবে। এই সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সঙ্গে সঙ্গেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা অনুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

এ ক্ষেত্রে ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬৭৬ জন হজে যেতে নিবন্ধন করেছেন। অর্থাৎ, গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ জন। এই অবস্থায় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজে গমন নিশ্চিতকল্পে নির্ধারিত সময়ের মধ্যেই (২৪ সেপ্টেম্বর) নিবন্ধন সম্পন্ন করতে গত ৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

এম