নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৫:১০ পিএম
ফাইল ছবি

ঢাকা: বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’। নতুন এই বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বেতন কীভাবে নির্ধারণ করা হবে- তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে গেজেটে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হলেও এর আওতার বাইরে রাখা হয়েছে কয়েক শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিককে। ফলে তারা এই আদেশ অনুযায়ী বাড়তি বেতন-ভাতা পাবেন না।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা এই বেতন কাঠামোর বাইরে থাকবেন।

প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা নতুন বেতনকাঠামোর বাইরে থাকবেন।

পুলিশ ও বিজিবি: পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন।

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এই বেতনকাঠামোর আওতায় থাকবেন না।

শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) বা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতনকাঠামোর বাইরে থাকবেন।

আউটসোর্সিং কর্মী: আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের বাইরে থাকবেন।

দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক: দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিকরা নতুন বেতনকাঠামোর বাইরে থাকবেন।

চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী: চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের আওতাভুক্ত নন।

পিএস