মানবাধিকার সুরক্ষায় ব্যর্থ হয়েছে বিএনপি সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৩:৪৭ পিএম
ফাইল ছবি

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর মানবাধিকার সুরক্ষায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বর্তমান বিএনপি সরকার। সম্প্রতি পাস হওয়া তিনটি বিতর্কিত আইন দেশের মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে আবারও পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার এক সংবাদ বিবৃতিতে সংস্থাটি এই পর্যবেক্ষণের কথা জানায়।

এইচআরডব্লিউ যে তিনটি আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, সেগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬।

সংস্থাটির মতে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের সময় গুম ও বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনতে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে দু’টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নতুন আইনের মাধ্যমে কমিশনের তদন্তের ক্ষমতা ও স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত পুলিশের বিশেষায়িত বাহিনী র‍্যাব বিলুপ্ত করার দাবি উঠলেও নতুন আইনে কার্যত কেবল সংস্থাটির নাম পরিবর্তন করে এসআরবি করা হয়েছে। এমনকি সাধারণ পুলিশের ক্ষেত্রে যে ধরনের সুরক্ষামূলক নিয়ম প্রযোজ্য হয়, নতুন এসআরবি আইনে সেটিও বাদ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলায়িন পিয়ারসন বলেন, নতুন সরকারের নিরাপত্তা বাহিনীকে তদন্ত ও জবাবদিহিতার বাইরে রাখার এই চেষ্টা থেকে এটি বিশ্বাস করার কোনো সুযোগ নেই যে গুম ও হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো অতীত হয়ে গেছে।

অতীতে ঘটে যাওয়া এসব অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশে নিরাপত্তা খাতের প্রকৃত সংস্কার এবং স্বাধীন তদন্তের ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ মানবাধিকার সংস্থা প্রয়োজন বলে তিনি জোর দেন।

এসএইচ