ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দুই দেশের জন্য পারস্পরিকভাবে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এসময় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আবারও বলছি, আমাদের আমন্ত্রণ খোলা রয়েছে। আমার মনে হয় না, তাড়াহুড়ার কোনো প্রয়োজন আছে। সবকিছুই খুব ইতিবাচক। তবে আমাদের যথাযথ সময় দিতে হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এবং দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক সম্মানজনকভাবে কাজ করতে বাংলাদেশের প্রতিশ্রুতি রয়েছে।
ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব আরও যোগাযোগ ও আলোচনার জন্য পারস্পরিকভাবে সুবিধাজনক একটি সময় খুঁজে নেবে।
তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখনই পারস্পরিকভাবে সুবিধাজনক সময় মনে করবেন, তখনই তা ঘটবে বলে তারা খুবই আশাবাদী।
তবে হাইকমিশনার বলেন, উভয় পক্ষেরই রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, ‘কাজ এগিয়ে চলছে।’
ত্রিবেদী বলেন, ‘এ ধরনের কোনো প্রশ্নই নেই। আমি ইতিবাচক, রাষ্ট্রীয় অতিথি হিসেবে দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ইতিবাচক এবং বাংলাদেশের জনগণও ইতিবাচক। সবকিছুই সম্ভব।’
পিএস