ঢাকা: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংসা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর অহিংসা আদর্শ আজও অনুকরণীয়।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সম্প্রীতি ও অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানী আরো বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণেও শান্তিপূর্ণ সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনাসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মনোভাব জোরদার করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অহিংসা চর্চা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে প্রমুখ।
পিএস