ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:৩৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: হুথিদের একের পর এক হামলার ঘটনায় ঢাকা থেকে সৌদি আরব রুটে ১১৮টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৫২টি সরাসরি এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের ১৮ হাজার ৩৬২ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট ব্যাহত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফ্লাইট চলাচলে এ বিঘ্নের কারণে সৌদি আরবগামী ও সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক যাত্রী। ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প রুটে যাতায়াতের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিলতা।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ চলছে। পরিস্থিতির উন্নতি ও বিমানবন্দরগুলোর বিধিনিষেধ শিথিল হওয়ার ওপর ফ্লাইট চলাচলের স্বাভাবিকতা নির্ভর করছে।

পিএস