ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকারপ্রধানের সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখান থেকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
কপ-৩১ এ পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা জানিয়ে শামা ওবায়েদ জানান, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। কপ-৩১ এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া দরকার। উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশের ঋণের বোঝা আরও না বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবিলায় একটি ফান্ড দরকার।
প্রতিমন্ত্রী বলেন, সবকিছুতে আমাদের একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে। যাতে বৈশ্বিক পরিমণ্ডল, নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।
পিএস