ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি ও অপসারণ দাবি টিআইবির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৭:২১ পিএম
ফাইল ছবি

ঢাকা: সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার, তার জবাবদিহি নিশ্চিত এবং দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দিচ্ছে আইজিপির এ বক্তব্য।

টিআইবির মতে, সরকারের অনুমতির শর্ত জুড়ে ক্রসফায়ারের সম্ভাবনা সামনে আনা সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। সংস্থাটি বলেছে, কোনো সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতার ঢাল হিসেবে পুলিশপ্রধান ক্রসফায়ারকে ব্যবহার করতে চাইছেন কি না। তার মতে, আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতার বিকল্প হিসেবে বিচারবহির্ভূত হত্যাকে সামনে আনা পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা। ক্রসফায়ার এ দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।

ইফতেখারুজ্জামান বলেন, আইজিপি একই বক্তব্যে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, আবার সরকারের অনুমতি পেলে ক্রসফায়ার করার কথাও বলেছেন। এ দুটি অবস্থান পরস্পরবিরোধী।

তিনি আরও বলেন, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নির্বাহী সিদ্ধান্তে বাতিল করা যায় না। অভিযোগ যত গুরুতরই হোক, বিচারপ্রক্রিয়া পাশ কাটিয়ে কাউকে হত্যার এখতিয়ার পুলিশের নেই।

বিচারবহির্ভূত হত্যার অতীত ঘটনাগুলো তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সিনহা হত্যা মামলায় পুলিশ সদস্যদের দণ্ড এবং মামলার রায়সংক্রান্ত প্রতিবেদনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, নির্যাতন ও হত্যার অভিযোগ এ পদ্ধতির ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়।

টেকনাফের কাউন্সিলর একরামুল হক কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের প্রকাশ করা অডিও ও হত্যার অভিযোগও ব্যাপক প্রশ্ন তুলেছিল বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তাদের দণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপরাধমূলক ব্যবহারের বিচারিকভাবে প্রতিষ্ঠিত উদাহরণ হিসেবে তুলে ধরেন ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, পুলিশের পেশাগত শুদ্ধি ও রাষ্ট্রসংস্কারের প্রত্যাশার মধ্যে পুলিশপ্রধান আবার ক্রসফায়ারের সম্ভাবনা সামনে আনছেন। অতীতের অপরাধ থেকে পুলিশ কী শিক্ষা নিয়েছে, তার উত্তর তাকেই দিতে হবে।

পিএস