ঢাকা: বাংলাদেশে কাঙ্খিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সোনার ৬ ডিম। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে দুই কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৯১ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যায়।
পরে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় ওই যাত্রীর কাছ থেকে তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন এক কেজি ৩৬৪ গ্রাম।
এ ছাড়া বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি স্বর্ণের ডিম জব্দ করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এগুলোর ওজনও এক কেজি ৩৬৪ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তি জানান, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
সব মিলিয়ে দুটি অভিযানে ছয়টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে, যার মোট ওজন দুই কেজি ৭২৮ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৯১ লাখ টাকা।
পিএস