ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর দলের চেয়ারম্যানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
[278276]
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে।
পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
দলীয় সূত্রে জানা যায়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এসআই