হাসিনার আবেদন পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০২:১৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লিতে আবেদন করেছেন এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন করার আইনগত ভিত্তি ও অধিকার তার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিকভাবে এই মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, তাঁকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’

পিএস