ঢাকা: জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতাসহ আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ২০২২ সালে তাকে চাকরি থেকে দেওয়া অপসারণের আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর ১১ দিন পর, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি তিনি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তবে কমিশন তার আবেদন বিবেচনা না করায় তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
রিট পিটিশনের শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে প্রাপ্য সব সুযোগ-সুবিধাসহ জ্যেষ্ঠতা দেওয়ার নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি চেয়ে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছিল দুদক। তবে গত ৩০ সেপ্টেম্বর কমিশনের এক সভায় সেই পিটিশনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড অ্যাজ বিইং নট প্রেসড’ (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) আদেশ দেন।
আদালতের এই আদেশের পর গত ২৫ অক্টোবর শরীফ উদ্দীন পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন করেন। এরপর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় ও তার আবেদন বিবেচনা করে শরীফ উদ্দীনের অপসারণের আদেশ প্রত্যাহার এবং তাকে চাকরিতে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএস