ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা খুব জরুরি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, আপনার মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সেরকম সাংবাদিক সম্পৃক্ত করতে হবে আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে।’
ইয়াসের খান বলেন, ‘এই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে।
নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
পিএস