গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বাস্তব অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডই আওয়ামী লীগের রাজনীতির মূল ধারা। এটি তাদের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। গত ১৫ বছর ধরে গোপালগঞ্জকেন্দ্রিক যে ধারা তারা চালিয়ে এসেছে, তারই ধারাবাহিকতায় সারা দেশ থেকে পলাতক আসামি ও সন্ত্রাসীদের সেখানে জড়ো করে একটি মহড়া দেখানো হয়েছে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের সামনে নেই। তারা রাজনৈতিকভাবে সব গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।

তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সামাজিক মাধ্যমে ভুয়া খবর রোধ প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে সরকারের পাশাপাশি অংশীজনদের সহযোগিতা জরুরি। ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম ও অর্থনৈতিক স্বার্থের কারণে প্রতিটি অ্যাকাউন্ট সার্বক্ষণিক নজরদারি করা বাস্তবসম্মত নয়। তবুও মানহানিকর ও বিকৃত সংবাদ এবং অনলাইনের অপসংস্কৃতি রোধে সরকার কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল ও জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ