সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, কমিশন বাণিজ্য ও কেনাকাটায় বড় ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে ছিলেন না।
রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন।
গবেষণায় দেখা গেছে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকেরা ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন। দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উঠে এসেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও পাওয়া গেছে।
স্বাস্থ্য খাতের দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা কাজ করছে বলে মন্তব্য করেছেন ডা. শামস এল আরেফিন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াই সমস্যার একমাত্র সমাধান নয়, বরং স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে।
প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের বিভিন্ন হয়রানির চিত্রও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা গ্রহণে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো। এ ছাড়া ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টিও চিহ্নিত করা হয়েছে।
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) জমা পড়া ১৭২টি অভিযোগের মধ্যে ৭৯টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি ছাড়াই দেশে মেডিকেল কলেজের সংখ্যা দ্রুত বাড়ার বিষয়টিও উদ্বেগজনক হিসেবে উঠে এসেছে।
স্বাস্থ্য খাতের দুর্নীতি কমাতে বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা এবং সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।
এসএইচ