স্মার্ট ড্রাইভিং লাইসেন্স না পেয়ে চরম ভোগান্তিতে ২০ লাখ গ্রাহক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৫৮ পিএম
ফাইল ছবি

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং বন্ধ থাকায় বিআরটিএর প্রায় ২০ লাখ গ্রাহক কার্ড থেকে বঞ্চিত রয়েছেন। জরুরি প্রয়োজনে বর্তমানে বিআরটিএর হাতে মাত্র দেড় লাখের মতো কার্ড রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এত সংকটের পরেও কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় এখনো নতুন কোনো ঠিকাদার নিয়োগ করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে ভারতীয় ঠিকাদারের সঙ্গে স্মার্ট কার্ড প্রিন্টের চুক্তি শেষ হয়। গত বছর নভেম্বর মাসেই প্রায় ১০ লাখ ড্রাইভিং লাইসেন্স আটকে ছিল। এর মাঝে আরও ১১ মাস পার হলেও কোনো ঠিকাদার নিয়োগ করতে পারেনি বিআরটিএ। এদিকে সড়কে আইনশৃঙ্খলার কড়াকড়ি থাকায় লাইসেন্সের চাহিদা বেড়েছে এবং বর্তমানে ঢাকাসহ সারাদেশে প্রতি মাসে এক লাখ নতুন আবেদন জমা হচ্ছে। সব মিলিয়ে আটকে থাকা লাইসেন্সের সংখ্যা প্রায় ২০ লাখে দাঁড়িয়েছে।

বর্তমানে জরুরি প্রয়োজনে যে অল্প কিছু কার্ড দেওয়া হচ্ছে, সেগুলোর মান খুবই খারাপ এবং মাসখানেক ব্যবহার করলেই নষ্ট হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সংকট সমাধানে এ পর্যন্ত তিনবার টেন্ডার আহ্বান করা হলেও তা আলোর মুখ দেখেনি। প্রথমে সরাসরি টেন্ডার আহ্বানে মাত্র চারটি কোম্পানি অংশ নেয়। পরে সেটি বাদ দিয়ে ই-টেন্ডার এবং পরবর্তীতে নানা শর্ত যুক্ত করে তৃতীয় দফায় ই-টেন্ডার আহ্বান করা হলেও তা আটকে আছে। বিআরটিএর এক কর্মকর্তার মতে, একটি শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি ও পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্যই টেন্ডার প্রক্রিয়ায় এই দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। চলতি বছরের মার্চ মাসে ইকুরিয়া থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেও এখনো কার্ড পাননি বেসরকারি প্রতিষ্ঠাজীবী মো. ফয়েজ। অন্যদিকে, সৌদি আরবে ড্রাইভিং পেশার ভিসা পেয়েও লাইসেন্স না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন বরিশালের বাসিন্দা মো. নাইম। তিনি জানান, টাকা দিয়েও সময়মতো একটি কার্ড পাওয়া যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিআরটিএ গ্রাহকদের নানাভাবে হয়রানি করছে এবং সামান্য একটি কার্ড পেতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। সংস্থাটি চাইলে নিজেদের সক্ষমতা ব্যবহার করেই এই প্রিন্টিং কাজ সম্পন্ন করতে পারত।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম শামসুল হক বলেন, সামান্য একটি কার্ডের জন্য দীর্ঘ প্রতীক্ষা বিআরটিএর চরম দক্ষতার অভাবের প্রমাণ। দেশের অনেক স্বনামধন্য কোম্পানি আন্তর্জাতিক মানের কাজ করার সক্ষমতা অর্জন করায় বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দিলে দেশের তথ্য সুরক্ষিত থাকার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি।

সার্বিক বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান জানান, তারা সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। বর্তমানে ই-ড্রাইভিং লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি চালানো যায় উল্লেখ করে তিনি জানান, জরুরি ভিত্তিতে বিদেশগামী কারও লাইসেন্স প্রয়োজন হলে তার জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।

এসএইচ