স্বল্প খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এক হাজার জনকে নেওয়া হবে বিগত সরকারের আমলে গুম-খুনে নির্যাতিতদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও হতাহত পরিবারের সদস্যদের মধ্য থেকে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে যে জটিলতা ছিল, প্রবাসী ও শ্রমবিষয়ক মন্ত্রীর আলোচনার মাধ্যমে সরকার তা সফলভাবে সমাধান করেছে। যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে এই ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। আর যারা যাবেন, তাদের মোট খরচ যাতে সর্বোচ্চ দুই লাখ টাকার ভেতরে থাকে, সরকার তা মোটামুটিভাবে নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যাতে কর্মীরা অল্প খরচে যেতে পারেন, সেই প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত রেখেছিল। মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎকারী এসব সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে।
সংসদ অধিবেশনের এই পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে।
এসএইচ