সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের কার্যক্রম সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা দিয়েছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। নতুন এ নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে অ্যারিয়ার সার্টিফিকেশন অপশন ব্যবহারের নিয়ম এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত হিসাব ভবন থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। গত ১৫ নভেম্বর ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধ সংক্রান্ত আইবাস সিস্টেমের প্রক্রিয়া আরও উন্নত করার কাজ বর্তমানে চলমান রয়েছে। এ কারিগরি উন্নয়ন কাজ চলার কারণে অ্যারিয়ার সার্টিফিকেশনের মাধ্যমে বকেয়া পেনশন ভাতা পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে এবং বকেয়া পরিশোধ কার্যক্রম সচল রাখতে বিকল্প প্রশাসনিক মাধ্যমে এই অপশনটি চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিস্টেম উন্নত করার এই সময়ে বকেয়া পেনশন দেওয়ার অ্যারিয়ার সার্টিফিকেশন অপশনটি পাওয়ার জন্য হিসাবরক্ষণ কার্যালয়গুলোকে সুনির্দিষ্ট দুটি পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, দেশের সব উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার কার্যালয়গুলোকে সরাসরি চিঠি না পাঠিয়ে নিজ নিজ সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের মাধ্যমে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় বরাবর পত্র পাঠাতে হবে।
অন্যদিকে সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় বরাবর পত্র পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইতিমধ্যে এ আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সংশ্লিষ্ট সব হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে অথবা ০২-৪১০৩০৫৮২ টেলিফোন নম্বরে যোগাযোগ করার সুযোগ রয়েছে।
এসএইচ