জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে: শিক্ষামন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে গবেষণার বিষয়বস্তু ও মান নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণার ফলাফল গ্রহণ ও ব্যবহার করতে হবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেসব বিভাগ চালু করা উচিত নয়। শিক্ষক রাজনীতি বা ছাত্ররাজনীতির বিবেচনায় নতুন বিভাগ খোলার পরিবর্তে বাজারের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় জনবল বিবেচনায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও এ ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালন করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এআইকে তিনি সমস্যা নয়, বরং সমাধানের অংশ হিসেবে দেখেন। ১৯৮০-এর দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের উদ্ভাবনের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই আশঙ্কা পুরোপুরি সত্য হয়নি। তাই এআই নিয়েও অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় করা হবে, বিশেষ করে মানসম্মত শিক্ষা ও গবেষণার উন্নয়নে কত অর্থ ব্যয় হচ্ছে, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা নিজেরাই চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নিজেদের প্রতিষ্ঠানের বাজেট, গবেষণা ও উৎপাদনশীলতা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু বক্তৃতা ও দীর্ঘ গবেষণাপত্র নয়, বাস্তব কাজের অগ্রগতি ও ফলাফলও দেখাতে হবে।

তিনি বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা দিতে আগ্রহী। শিল্পপ্রতিষ্ঠানগুলোও সরকারের কাছে বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতা চায়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাব, আধুনিকায়ন, পাঠ্যক্রম সংস্কার, ফলাফলভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, উদ্ভাবন কেন্দ্র ও ইনকিউবেটর প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে সরকার সহযোগিতা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি ড. মহিউদ্দিন।

সেমিনারে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

পিএস