ভারত থেকে বাংলাদেশে ফিরলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে দেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের কথা জানানো হলো।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরপর কারাগারে নেওয়া হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।
দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা চায় ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক এবং তাঁকে এর পরিণতি ভোগ করতে হবে। তবে তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তবে বাংলাদেশ সরকার তাঁর সেসব আবেদন নাকচ করে দিয়েছে। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি তারা পর্যালোচনা করছে। তবে সর্বশেষ এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয় এবং এর অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচিও পালন করা হয়। রয়টার্স জানিয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের কয়েক ডজন ঘটনা ঘটেছে, যাতে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
চলমান এই সহিংসতাকে শেখ হাসিনার রাজনৈতিকভাবে দেউলিয়া দলের টিকে থাকার কৌশল হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ণ করবে না। বাংলাদেশের জন্য ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিবেশী মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর ঢাকা এ উদ্যোগ আরও জোরদার করেছে।
শামা ওবায়েদ বলেন, এই রায় বাংলাদেশ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নতুন শক্তি জোগাবে; রোহিঙ্গাদের অবশ্যই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ এই সংকট তৈরি করেনি, বরং মিয়ানমারই এই সংকট তৈরি করেছে এবং তাদেরই এর অবসান ঘটাতে হবে।
এসএইচ