শেখ হাসিনার ফেরার আলোচনা ভারতের সঙ্গে: ডা. জাহেদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’

তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

ভারতের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হবে তা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ তাদের ওখানে (ভারতে) আছেন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন না হেঁটে বাংলাদেশে আসবেন, কিভাবে হস্তান্তর হবে এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি আসতেই চান, তার তো এখন আর আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়। ভারত খুশি মনে তাকে প্রত্যর্পণ করে দেওয়া উচিত। কারণ যিনি আসামি, তিনি নিজেই চাচ্ছেন বাংলাদেশে যেতে।’

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পিএস