কোন গ্রেডে কত বাড়ল পোশাকশ্রমিকদের বেতন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৬:০১ পিএম
ফাইল ছবি

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন এই মজুরিকাঠামোয় বিভিন্ন গ্রেডে শ্রমিকদের মজুরি ৪ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার রাত দুইটা পর্যন্ত চলা বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এই মজুরি চূড়ান্ত করা হয়।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার সবচেয়ে বেশি মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। নতুন কাঠামোয় ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে প্রথম গ্রেডের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। আগে এই গ্রেডের শ্রমিকেরা ১৪ হাজার ২৭৩ টাকা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মোট মজুরি দাঁড়াল ২০ হাজার টাকা।

এ ছাড়া জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে তৃতীয় গ্রেডে শ্রমিকদের মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পথ বেছে নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। ভোটাভুটিতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। এর মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন এবং বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে মত দেন। ফলে শেষ পর্যন্ত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

দীর্ঘ বৈঠক শেষে বুধবার ভোর চারটায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, নির্ধারিত মোট মজুরির মধ্যে মূল মজুরি (বেসিক) কত হবে কিংবা বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কীভাবে নির্ধারণ করা হবে, সেসব বিষয় চূড়ান্ত করতে বুধবার আবারও মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

এসএইচ