ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনেই তার বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সীমান্ত ঘুরে যাওয়া চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্তে ঘুরেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন—আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায়—তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তিনি দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার দেশে ফেরার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।
পিএস