ঢাকা: বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম ফ্লাইটে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার ভোর রাতে তারা দেশটিতে পৌঁছান।
বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন।
হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রথম ফ্লাইটে ১১২ জন নতুন কর্মী আসার কথা থাকলেও ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় ১০৩ জন এসেছেন। বাকি ৯ জন পরে আসবেন।
এ দিন ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শেষ করে ভোর ৪টার দিকে নতুন ১০৩ কর্মী বিমানবন্দর থেকে বের হয়ে আসলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার শাহানারা মনিকাসহ ডিএইচএল কর্মকর্তা।
পরে নতুন কর্মীদের ডিএইচএল কুরিয়ার তাদের প্রতিষ্ঠানে নিয়ে যায় দুই দলে। তাদের এক দলকে পেনাং রাজ্যে ও অন্য দলকে কুয়ালালামপুরের কাছে শাহ আলম এলাকায় নিয়ে যাওযা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
পিএস