আসন সমঝোতা নিয়ে টানা দুই দিন ধরে চলা আলোচনা ও দরকষাকষির পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোটে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। সমঝোতার ভিত্তিতে শরিক দলগুলোর জন্য মোট ৯৯টি আসন ছাড়ার সিদ্ধান্তে পৌঁছেছে জামায়াত।
দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুগপৎ আন্দোলনের বর্তমান আট দলের সঙ্গে যুক্ত হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), এবি পার্টি ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)। এ নিয়ে জোটের পরিধি আরও বিস্তৃত হলো। তবে আসন বণ্টনের বিষয়ে এখনো ৩০টি আসনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব আসনে অভ্যন্তরীণ জরিপ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই সমঝোতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, সংবাদ সম্মেলনে আসন সমঝোতার কাঠামো, জোটের ভবিষ্যৎ কর্মসূচি এবং সামগ্রিক রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে।
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নতুন তিনটি দল যুক্ত হওয়ায় আসন সমঝোতার কাঠামোয় কিছু পরিবর্তন এসেছে। আগে এনসিপির জন্য যে ৩০টি আসনের কথা আলোচনায় ছিল, সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী তা কমে ২০ থেকে ২৫টিতে নেমে এসেছে। অন্যদিকে এলডিপি ও এবি পার্টির জন্য মোট পাঁচটি আসন বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।
জামায়াতের এক শীর্ষ নেতা জানান, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমেই আসন বণ্টনের খসড়া চিত্র, আন্দোলনের আগামী দিনের কর্মপন্থা এবং জোটের রাজনৈতিক ঐক্যের রূপরেখা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এসএইচ