ঢাকা: ঢাকা-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, কয়েক দিন আগে কর্মজীবী নারীর পক্ষ থেকে কয়েকজন মহিলা তাঁর সঙ্গে দেখা করে তাঁদের আশঙ্কার কথা জানান। তাঁরা জানান, আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাঁদের কী পরিণতি হবে, সে বিষয়ে তাঁরা উদ্বিগ্ন। এ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘ইনশাল্লাহ, সে রকম কোনো সুযোগ আমরা দেব না।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ সাহেদ মন্টুসহ এলাকার সাধারণ জনগণ।
ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, তা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৭ বছর ধরে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে।
বিএনপির এই এমপি প্রার্থী বলেন, বিএনপি একটি সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যাতে জনগণ ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। যারাই নির্বাচিত হয়ে আসুক, যদি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়, তাহলে জিতবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশের জনগণ।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণের ফাঁদে পা দেওয়া যাবে না। বিএনপির বিপুল জনসমর্থন দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, কোনোভাবেই এই জনসমর্থন বিপথে নেওয়ার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
পিএস