কেন বারবার সিলেট থেকেই নির্বাচনী যাত্রা শুরু করে বিএনপি?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:৪৭ এএম

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি দৃশ্য যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে—নির্বাচন ঘনিয়ে এলে বড় রাজনৈতিক দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে। বিএনপি কিংবা আওয়ামী লীগ—অতীতে প্রায় সব জাতীয় নির্বাচনের আগেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে প্রচারণার প্রথম মঞ্চ হিসেবে। প্রশ্ন উঠছে, কেন এই শহর থেকেই শুরু হয় নির্বাচনী লড়াই?

রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এর পেছনে রয়েছে ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক প্রতীকী গুরুত্ব এবং কৌশলগত বাস্তবতার সমন্বয়।

বিশ্লেষকদের মতে, প্রথম ও প্রধান কারণ হলো ঐতিহ্য ও রাজনৈতিক রেওয়াজ। স্বাধীনতার পর দেশের জাতীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে সিলেটকে কেন্দ্র করে। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ছিল। ১৯৭০ ও ৮০-এর দশকে সিলেট ছিল বিএনপির অন্যতম রাজনৈতিক ঘাঁটি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচনী প্রচারণা শুরু করার ক্ষেত্রে সিলেটকে বিশেষ গুরুত্ব দিতেন। তার ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ১৯৯১ সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে সিলেট থেকেই প্রচারণা শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই রেওয়াজ দলীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, যা বর্তমান নেতৃত্বও বহন করছে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে আসে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব। সিলেটকে দেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার ঘিরে এখানকার ধর্মীয় আবেগ রাজনীতিতেও প্রভাব বিস্তার করে। অনেক রাজনৈতিক নেতা বিশ্বাস করেন, প্রচারণার শুরুতে মাজার জিয়ারত করলে তা শুভ সূচনা হিসেবে বিবেচিত হয় এবং জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে।

তৃতীয় কারণ হলো রাজনৈতিক প্রতীকী মূল্য। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর অর্থ জাতীয় রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দেওয়া—দল মাঠে নেমেছে, নির্বাচনকে সামনে রেখে লড়াই শুরু হয়ে গেছে। গণমাধ্যমের নজর সহজেই সিলেটের কর্মসূচির দিকে পড়ে, ফলে প্রথম দিন থেকেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রচারণা।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রবাসী জনগোষ্ঠীর প্রভাব। সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন। তারা সরাসরি ভোট না দিলেও অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক প্রভাবের কারণে রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট থেকে প্রচারণা শুরু করলে সেই বার্তাটি প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি একটি আবেগ ও প্রতীকের নাম। এই প্রতীক ব্যবহার করেই দলগুলো জাতীয় নির্বাচনের যাত্রা শুরু করতে চায়।

এই ঐতিহ্য ও রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় দীর্ঘ ২১ বছর পর বুধবার (২১ জানুয়ারি) সিলেটের মাটিতে পা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ৮টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম সিলেটে এলেন তিনি। একই সঙ্গে এটিই তার প্রথম নির্বাচনী সমাবেশ এবং প্রথমবারের মতো দলীয় চেয়ারম্যান হিসেবে সিলেটে মাজার জিয়ারতের ঘটনা।

এম