রাসূল (সা.) কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:২০ এএম

সংসদে ধর্মীয় অবমাননা ইস্যুতে কঠোর আইন প্রণয়নের দাবি তুলেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনাগুলো ক্রমেই বাড়ছে এবং এর স্থায়ী সমাধানে কঠোর আইন জরুরি।

বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য তার বক্তব্যে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তিনি হাজী শরীয়াতুল্লাহর বংশধর এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা তার পারিবারিক ঐতিহ্যের অংশ।

তিনি দাবি করেন, দেশের লাখো ওলামায়ে কেরাম সংসদের দিকে তাকিয়ে আছেন এবং তাদের প্রত্যাশা সংসদে প্রতিফলিত হওয়া উচিত। ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মহানবী (সা.)-এর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমপি হানজালা আরও বলেন, কটূক্তির ঘটনা ঘটলে সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া দেখান, যা অনেক সময় সহিংসতায় রূপ নেয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি কাঠামোর প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।

একই সঙ্গে তিনি এমন একটি আইন প্রণয়নের আহ্বান জানান, যার মাধ্যমে যারা মহানবী (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে। তিনি মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকেই আসা উচিত।

বক্তব্যের শেষাংশে নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের মৌলিক আকিদা রক্ষায় সংসদের সক্রিয় ভূমিকা কামনা করেন।

এম