সংরক্ষিত নারী আসনের জোটভিত্তিক বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন সমঝোতার আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী তাদের বরাদ্দের মধ্যে থেকে দুটি সংরক্ষিত নারী আসন শরিক দলগুলোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, বিরোধী জোটের মোট ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াত ১০টিতে প্রার্থী দেবে। বাকি আসনের মধ্যে একটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরেকটি জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) দেওয়া হতে পারে।
এনসিপির জন্য বরাদ্দ একটি আসনের পাশাপাশি জামায়াতের কোটা থেকে আরও একটি আসন পাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর ফলে এনসিপি দুইজন নারী নেত্রীকে সংসদে পাঠানোর সুযোগ পাচ্ছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ডা. মাহমুদা আলম মিতু এবং মনিরা শারমিন।
জামায়াত সূত্র বলছে, প্রার্থী চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দলীয়ভাবে আনুষ্ঠানিক মনোনয়ন শিগগিরই ঘোষণা করা হবে।
জোটভিত্তিক সমঝোতা অনুযায়ী বিএনপি ও তাদের মিত্রদের জন্য ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়েছে।
এনসিপির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বলেন, নারী আসন নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।
এসএইচ