নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নাকি কর্নেল অলি?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদটি পূরণে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের গোপন ব্যালটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবেন, আর একক প্রার্থী হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নির্বাচন ঘনিয়ে আসতেই শুরু হয়েছে ক্ষমতার রাজনীতির নানা হিসেব-নিকাশ। ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য রাজনৈতিক মুখ হিসেবেই তাঁর নাম এগিয়ে রাখা হচ্ছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে বীর মুক্তিযোদ্ধা ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের। বিরোধী জোটের দাবি, সংসদীয় রাজনীতির সৌন্দর্য ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

সংসদীয় আসনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও অলি আহমদের প্রার্থিতা এই নির্বাচনকে আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে এক আকর্ষণীয় রাজনৈতিক লড়াইয়ের রূপ দিয়েছে। এখন শুধু অপেক্ষা ২০ আগস্টের, যেখানে ঠিক হবে বঙ্গভবনের নতুন অভিভাবক কে হচ্ছেন।

এসএইচ